সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে একটি অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে। সঙ্গে সঙ্গেই একটি বার্তাও পাঠানো হয়। হুমকির বার্তায় বলা হয়—
“আওয়ামী লীগ হারায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরে হলেও ফিরবে। বিষয়টা মাথায় রাখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না, মাইন্ড ইট।”
ওসি জানান, তিনি কলটি রিসিভ করার পর হুমকিদাতার পরিচয় জানতে চান। জবাবে হুমকিদাতা বলেন, “সময়মতো সামনে এসেই পরিচয় দেব।” এরপর তিনি নিজেই কলটি কেটে দেন।
ওসি মোখলেছুর রহমান আরও বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে।”
তিনি জানান, হুমকি দেওয়া মোবাইল নম্বর এবং মেসেজের স্ক্রিনশট সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা চাওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সংবেদনশীল ইস্যু ঘিরে পুলিশের ওপর হামলা ও হুমকির ঘটনা বাড়তে দেখা গেছে। তবে ভারতীয় নম্বর থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে পুলিশের একজন ওসিকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা বিরল এবং এটি নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
