নিজস্ব প্রতিবেদক
বড়লেখা, মৌলভীবাজার: বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল, হামলা, গুলি এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার বড়লেখা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাইদুল ইসলাম, সাবেক পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা রেহান পারভেজ রিপনসহ আরও অনেকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন বাদী নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে বড়লেখা পৌরশহরের ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দেখা যায়, সাবেক মন্ত্রীর নির্দেশে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্র দখল করে রেখেছে।
অভিযোগে বলা হয়, আসামিরা দা, লাঠি, রামদা, ছুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন এবং সাইদুল ইসলাম পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে ব্যালট পেপারে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারা হয় এবং উপস্থিত এজেন্টদের অস্ত্রের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়।
বাদীর দাবি, সাইদুল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কপালে লাগে। এরপর দায়ের আঘাতে মাথা ও পায়ে গুরুতর জখম হয়। অন্যান্য আসামি ও তাদের সহযোগীরা বাদীসহ কয়েকজন সাক্ষীকে পিটিয়ে আহত করেন এবং ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেন।
বাদী অভিযোগ করেছেন, তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রভাবে তিনি তখন মামলা করতে পারেননি। বর্তমান পরিস্থিতিতে আইনি আশ্রয় নিয়েছেন।
