নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার: বর্ণিল ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, শোভাযাত্রা, নৃত্য ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে উদযাপিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক ডাডলি ডেরিক প্রেন্টিস। পরে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন হাতে একটি শোভাযাত্রা শহরের কোর্ট রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে ফিরে আসে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা। অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা খংলা ও লেনচার তংপে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরার আহ্বায়ক ফাদার যোষেফ গোমেজ, সদস্যসচিব শরীফ জামিল, হাওর রক্ষায় আমরা ও ধরার সিলেট সমন্বয়ক তোফাজ্জল সোহেল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান, বাসদের জেলা সমন্বয়ক মইনুর রহমান, এবং বাপার প্রতিনিধি আ স ম সালেহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে এখনও বৈষম্য বিদ্যমান। আদিবাসী ও বাঙালি মিলেই এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। ভূমি অধিকারসহ আদিবাসীদের সব সমস্যার সমাধান জরুরি। শিক্ষাকে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে, নইলে উন্নয়ন সম্ভব নয়। ভাষা-সংস্কৃতি রক্ষায় রাষ্ট্র ও বিভিন্ন মাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে খাসি, গারো, মণিপুরি, ত্রিপুরা, ওঁরাও, ভূমিজ, কন্দ, গঞ্জু, তেলি, তাঁতি, কৈরি, সাঁওতাল, বাড়াইক, মুন্ডা, কুর্মি প্রভৃতি জাতিগোষ্ঠীর প্রতিনিধি বক্তব্য দেন এবং নৃত্য পরিবেশনা করেন।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *