নিজস্ব প্রতিবেদক
কমলগঞ্জ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মধ্যে আকাশমনি গাছের ডালে গলায় গামছা পেঁচানো অবস্থায় বিপুল কল (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোড এলাকার মৃত রামো কলের ছেলে।
মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানান, সকাল ১১টার দিকে ডিউটির সময় মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। কাছে গিয়ে দেখা যায়, আকাশমনি গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ঝুলছেন ওই ব্যক্তি। বিষয়টি সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষকে অবহিত করেন।
পাহারাদার আরও জানান, নিহত ব্যক্তি মাধবপুর চা বাগানের শ্রমিক নন। তার সাথে থাকা দুটি শপিং ব্যাগে ব্যবহৃত কাপড় ছিল।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে মাধবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।
