নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের এক নেতা ও তার সহযোগীকে ৯০ হাজার টাকা চাঁদাসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে সেনাসদস্যরা তাদের মাধবপুর থানায় হস্তান্তর করেন।
আটকরা হলেন— মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী এবং ছাত্রদল কর্মী মোনায়েম খান।
মাধবপুর থানার ওসি সহিদ উল্যা জানান, কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ডিসলাইন ব্যবসায়ীকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ৯০ হাজার টাকা চাঁদাসহ জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা পানেল মিয়া, মো. রোকন ও নির্জন মিয়া পালিয়ে যায়।
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “কারও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি সহিদ উল্যা জানান, আটক দু’জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
