দুর্নীতির অভিযোগে সাবেক বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য শাহাব উদ্দিন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাজধানীর উত্তরায় তার নামে থাকা একটি প্লটও ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ফ্রিজকৃত ব্যাংক হিসাবগুলোতে মোট ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে। পাশাপাশি উত্তরায় তার নামে থাকা পাঁচ কাঠার একটি জমি, যার মূল্য প্রায় ৩২ লাখ ৩৯ হাজার টাকা, ক্রোকের আদেশ দেওয়া হয়।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। প্রাথমিক পর্যায়ে তাদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদক আশঙ্কা প্রকাশ করে জানায়, এসব অর্থ যেকোনো সময় তুলে বিদেশে পাচার বা গোপন করা হতে পারে। তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় ব্যাংক হিসাব অবরুদ্ধ ও প্লট ক্রোকের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
