নিজস্ব প্রতিবেদক :

সিলেট নগরের জিন্দাবাজারস্থ সোনালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে বীমা গ্রাহকরা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় গ্রাহকদের হামলায় ইন্স্যুরেন্স কোম্পানীর স্থানীয় ইউনিট ম্যানেজার ফয়ছাল আহমদ মিয়াজি (৩৮) আহত হয়েছেন।

আহত ইউনিট ম্যানেজার ফয়ছাল আহমদ মিয়াজি চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা অফিসের আর্থিক অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩) সকাল থেকে সিলেটের জিন্দাবাজারস্থ সোনালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে গ্রাহকরা ভিড় করতে থাকেন। তারা ইন্স্যুরেন্স কোম্পানীর স্থানীয় ইউনিট ম্যানেজার ফয়ছাল আহমদ মিয়াজি’র উপর টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। তখন ম্যানেজার মিয়াজি গ্রাহকদের জানান যে, তিনি শুধু মাত্র কোম্পানীর নিয়ম মেনে টাকা সংগ্রহ করে কোম্পানীর সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা দেন। কোম্পানীর নীতিমালা মেনে টাকা ফেরত দিতে হলে একটু সময় লাগবে। কিন্তু গ্রাহকরা ম্যানেজারের কোনো কথা মানতে রাজি হননি। এমন পরিস্থিতিতে সেখানে উপস্থিত হন স্থানীয় যুবলীগ নেতা ইলিয়াছ আহমদ দিনার, ছাত্রদল নেতা ফয়ছল আহমদ সাগর ও ছাত্রদল নেতা রফিক উদ্দিন। তারা উপস্থিত হয়ে গ্রাহকদের উস্কানি দিতে থাকেন। এরপর যুবলীগ ও ছাত্রদল নেতাদের যৌথ নেতৃত্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে ভাঙচুর ও ইউনিট ম্যানেজার ফয়ছাল আহমদ মিয়াজি’র উপর হামলা চালায় গ্রাহকরা। এতে ইউনিট ম্যানেজার ফয়ছাল আহমদ মিয়াজি আহত হন।

এ ব্যাপারে জানতে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে হামলা-ভাঙচুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিলেট কার্যালয়ের ফিন্ড অফিসার কামরান হোসাইন বলেন, গ্রাহকরা রাজনৈতিক উস্কানিতে অফিসে হামলা-ভাঙচুর করেছে এবং ফয়ছাল স্যারের ওপর হামলা করেছে। আমরা তো এখানে চাকরী করি। কোম্পানীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কোম্পানীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনিয়মের দায়তো আমরা নিতে পারি না।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *