সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী চন্দ্র শেখর ২৫ আগস্ট ময়মনসিংহ বিভাগের তিনটি স্থলবন্দর—ময়মনসিংহের কোরতলী, শেরপুরের নাকুগাঁও ও জামালপুরের ধন্নুয়া-কমলপুর—এবং নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, বিএসএফ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এসময় স্থানীয় আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত পাড়াপাড়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।
কর্তলী স্থলবন্দরের আমদানিকারক-রপ্তানিকারক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, রাজস্ব কর্মকর্তা মুজাহিদ আহমেদ, নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, কাস্টমস সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ, ধন্নুয়ার কাস্টমস সুপারিনটেনডেন্ট নারায়ণ কুমার সাহা, সহকারী পরিচালক আবিদুল হোসেন এবং ধন্নুয়া-কমলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক রিপন উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।
পরিদর্শন শেষে সহকারী হাইকমিশনার ধন্নুয়া-কমলপুর স্থলবন্দর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। তিনি সফরে সহায়তা ও আতিথেয়তার জন্য ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
