রাজবাড়ীর নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পোড়ানো ও দরবারে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় আড়াই মাস পর আদাল‌তে মামলা করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নুরাল পাগলার স্ত্রীর বড় বোন শিরিনা রাজবাড়ী আদালতে মামলাটি করেন ব‌লে জানান আইনজীবী শরিফুল ইসলাম।

মামলায় ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অ্যাডভোকেট শরিফুল ইসলাম ব‌লেন, বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাম‌জিদ হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে আদেশ দিয়েছে। চলতি বছরের ২২ ডিসেম্বরের মধ্যে মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২৩ অগাস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলা। ওইদিন রাতে দরবারের ভেতরে মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়।

শরিয়ত বিরোধী কবর দেওয়ার অভিযোগ তুলে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার দরবারে হামলা চালায় ‘তৌহিদি জনতা’।

এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে নুরুল পাগলের এক ভক্ত নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

হামলাকারীরা একপর্যায়ে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে মহাসড়কের উপর এনে পুড়িয়ে দেয়। পরে নুরুল পাগলের বাড়িতে লুটপাট চালায়। হামলা চালানো হয় পুলিশের ওপরও।

পরে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।

একইভাবে নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে চার থেকে সাড়ে চার হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই দুটি মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *