সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ও ভিসা আবেদনকেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী নিহতের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় এবং সোবহানীঘাট এলাকার ভিসা আবেদনকেন্দ্র ঘিরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। এলাকায় নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়।

বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদী নিহত হওয়ার পর সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাওয়ের আহ্বান জানানো হয়। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা থাকলেও আগেভাগেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বাদ জুম্মা নগরীর বিভিন্ন স্থানে ছাত্রশিবির, এনসিপি, ছাত্র জমিয়ত ও ইনকিলাব মঞ্চ পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। তবে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে কোনো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।

শুক্রবার বিকেলে উপশহর এলাকা ঘুরে দেখা যায়, ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে পুলিশ, সিআরটি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বন্দরবাজার ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

এদিকে বাদ জুম্মা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করে। সড়কের এক পাশ বন্ধ রেখে বিক্ষোভ করা হয়। এতে এনসিপি, ছাত্রশিবির ও ছাত্র জমিয়তের নেতারা বক্তব্য দেন। গণঅধিকার পরিষদও পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে বিকেল ৩টার দিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে পুলিশে সোপর্দ করা হয় বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় প্রথম আলো সিলেট অফিসে ঢিল নিক্ষেপে কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে। একই রাতে চৌহাট্টা এলাকায় একটি রেস্টুরেন্টেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়াইব আহমেদ চৌধুরী বলেন, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *