বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে। আজ সোমবার দুপুরে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান ও হাতিটির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটি মারা যায়।

তিনি বলেন, সোমবার খাদ থেকে উদ্ধারের পর হাতিটিকে আমরা মালিকের কাছে হস্তান্তর করেছিলাম। কিন্তু হাতি গুরুতর আহত হওয়ায় তাকে ওই এলাকা থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই সে আজকে মারা যায়।

একই ধরণের তথ্য জানিয়ে অধ্যাপক সুলতান আহমদ জানান, টেনের ধাক্কায় খাদে পড়ে মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে যায়। ফলে প্রাণীটিকে ওঠানোও সম্ভব হয়নি। আমরা প্রয়োজনীয় চিতিসা দিচ্ছিলাম। হাতিটির চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও আসেন। তবে সব চেষ্টা বিফল করে দিয়ে দুপুরে হাতিটি মারা যায়।

হাতিটির চিকিৎসা-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, একই স্থানে দীর্ঘক্ষণ পড়ে থাকা প্রাণীটির পেট ফুলে যায়।

গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি খাদে পড়ে ছিল হাতিটি। পরে রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক, কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের প্রচেষ্টায় হাতিটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। এর পর থেকে প্রাণীটি সেখানেই ছিলো।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, হাতির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম। কয়েক দিন আগে হাতিটি সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল। গত শনিবার রাত ১০টার দিকে হাতিটি নিয়ে মাহুত দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে খাদে পড়ে যায়। এ সময় হাতির মাহুতও আহত হন। হাতিটির পেছনের পায়ে আঘাত পাওয়ায় ডোবা থেকে উঠতে পারছিল না।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *