মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে জুবায়ের আহমেদ (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, জুবায়ের শ্রীমঙ্গল স্টেশন থেকে বেলা ১১টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভানুগাছের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে আরেকজন থাকলেও তিনি ট্রেনের কামরার ভেতরে ছিলেন। নিষেধ করা সত্ত্বেও জুবায়ের ট্রেনের ছাদে ওঠেন।
ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া রেলসেতু অতিক্রম করার সময় ঝাঁকুনিতে জুবায়ের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুবায়ের কমলগঞ্জ উপজেলার সরইবাড়ী এলাকার বাসিন্দা এবং চেরাগ আলীর ছেলে।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থল রেলওয়ের আওতাধীন হওয়ায় বিষয়টি শ্রীমঙ্গল জিআরপি থানাকে জানানো হয়।
রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল জিআরপি থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
