খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির বিরুদ্ধে সুবিধাবাদী ও দ্বিচারিতার রাজনীতি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এবং দেশের অধিকাংশ মানুষের মতের বিরুদ্ধে গেলে কেউ টিকতে পারবে না।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার’-এর দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এই সমাবেশের আয়োজন করে।
মামুনুল হক দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বাড়ায় এমন অধ্যাদেশ বিএনপির পছন্দ হলেও জবাবদিহিতা নিশ্চিত করে এমন প্রস্তাব তারা সমর্থন করে না। তার মতে, বিএনপি গোপনে গণভোটের বিরোধিতা করলেও প্রকাশ্যে সে অবস্থান দেখাতে সাহস পায়নি, যা তিনি ‘মুনাফেকি’ হিসেবে উল্লেখ করেন।
বিএনপি নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে তিনি সতর্ক করে বলেন, অতীতে বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। অতীতের রাজনৈতিক সহিংসতার কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই ঘটনার দায় জনগণ এখনো ভোলেনি।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দেশ পরিচালনা করতে হবে, অন্যথায় রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
