অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো দ্রুত বিল আকারে পাস করার তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি প্রস্তাব করেছেন, সময় সংকটের কারণে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দিয়ে আইন পাসে অগ্রাধিকার দেওয়া হোক।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, অধ্যাদেশগুলো বিল হিসেবে পাসের সময়সীমা আগামী ১২ এপ্রিল পর্যন্ত, তাই দ্রুত এগুলো অনুমোদন জরুরি। তিনি বলেন, যেসব বিষয়ে সর্বসম্মতি রয়েছে, সেগুলো দ্রুত পাস করা উচিত।

তবে যেসব বিলে বিরোধী দলের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত আলোচনার সুযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। “সময় সংকটের অজুহাতে যেন বিতর্ক এড়িয়ে যাওয়া না হয়,”—বলেন তিনি।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিষয়টি আমলে নেওয়া হয়েছে এবং সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে সংসদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে, সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম জানান, মোট ১৩৩টি অধ্যাদেশ পাসের লক্ষ্য রয়েছে। তিনি বিরোধী দলের সহযোগিতার প্রশংসা করে দ্রুত বিলগুলো পাসের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্ধারিত সময়সীমার মধ্যে অধ্যাদেশ পাস সম্পন্ন করতে সংসদ সচিবালয় আগামী শুক্রবারও অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *