বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের সার্বিক মূল্যস্ফীতিতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

শুক্রবার দুপুরে সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা পার্শ্ববর্তী দেশের তুলনায় এখনও কম। তিনি বলেন, “আমরা সতর্কভাবে এই মূল্য সমন্বয় করেছি, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, ১৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে একটি ট্রাক ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করলে প্রতি কেজি পণ্যের দাম সর্বোচ্চ ৩০ পয়সা বাড়তে পারে। “এই সামান্য বৃদ্ধি প্রকৃত মূল্যস্ফীতিতে তেমন প্রভাব ফেলবে না,” যোগ করেন তিনি।

জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে এবং এর প্রভাব জনগণের ওপর পড়তে দেবে না।

এ সময় তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে খাল এলাকা পরিদর্শন করেন।

বাসিয়া খাল প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, খালটির মোট দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, যার মধ্যে ২৩ কিলোমিটার খনন করা হবে। এটি সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

সিলেটে লোডশেডিং বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র দুই মাস আগে দায়িত্ব নিয়েছে এবং পূর্ববর্তী নানা অব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিদ্যুৎ উৎপাদন এখনও গ্যাসনির্ভর হওয়ায় এবং গ্যাস আমদানিতে সীমাবদ্ধতা থাকায় সাময়িকভাবে লোডশেডিং বেড়েছে। তবে সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে বলে তিনি জানান।

খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *