সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা ছানু মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের স্কুল রোড এলাকায় সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রেশমা বেগম (৩০) ও তার মা আজিরুন বেগম (৬৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের বাসিন্দা ছানু মিয়ার সঙ্গে কয়েক বছর আগে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের রেশমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ বৃদ্ধি পাওয়ায় রেশমা বেগম তার দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রোববার রাতে ছানু মিয়া সন্তানদের দেখতে ও খাওয়ানোর উদ্দেশ্যে সেখানে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তীব্র ঝগড়া শুরু হয়।

অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে ছানু মিয়া ধারালো বটি দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুড়ি আজিরুন বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছানু মিয়াকে আটক করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূইয়া জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *