জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, জনগণের দেওয়া এই রায় বাস্তবায়ন না হলে তা দেশের নাগরিকদের প্রতি অবমাননার শামিল হবে।

মঙ্গলবার (৫ মে) জাপানের বৃহত্তর নাগোয়া শহরে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে বাংলাদেশ কমিউনিটি এ সংবর্ধনার আয়োজন করে।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন হবেই, ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো দেশে গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও হবে না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ “হ্যাঁ” ভোট দিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। এই রায় বাস্তবায়ন না করা মানে প্রতিটি নাগরিককে অপমান করা।’

প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে ৫ আগস্টের পর রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতেও তারা বড় ভূমিকা পালন করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি ৩৯ জন প্রবাসী বাংলাদেশির মুক্তির বিষয়ে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি।

দেশে চাঁদাবাজি, সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ে উদ্বেগ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকারকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একইসঙ্গে জাপানের আদলে নৈতিক, শিক্ষিত এবং গুম-খুনমুক্ত রাষ্ট্র গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৩৫ হাজার মানুষ আহত হলেও এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সরকারের আমলে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। ভবিষ্যতে নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তা না হলে জনগণ কাউকে ক্ষমা করবে না।

বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি বলেন, ‘প্রয়োজনে জীবন দেব, কিন্তু হাজারো শহীদের রক্ত বৃথা যেতে দেব না। গণভোটের একটি দাড়ি-কমাও ছাড় দেওয়া হবে না। ক্ষমতাসীনরা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে রাজপথে তাদের মোকাবিলা করা হবে।’

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইচি প্রিফেকচারে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার পাশাপাশি প্রবাসীদের জন্য পিঠা উৎসব এবং শিশুদের ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *