নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তার দাবি, বিএনপি-ও এ গণভোটে অংশ নিয়েছে এবং দলটির শীর্ষ নেতৃত্বও এর পক্ষে অবস্থান নিয়েছিল।
শনিবার (২৮ মার্চ) চাষাঢ়া এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, এখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা চলছে। তিনি বলেন, “দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”
স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে বিতর্ক টেনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান-ই স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান-কে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “কেউ সংবিধান মানছেন, কেউ মানছেন না—এই দ্বিচারিতা জনগণের সামনে স্পষ্ট হয়েছে।”
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে আস্থার সংকট তৈরি হবে এবং পরিস্থিতি রাজপথে গড়াতে পারে।
