ঢাকা: গণতন্ত্র একটি আস্থার জায়গা, যেখানে সরকার ও বিরোধী দল একে অপরের প্রতি বিশ্বাস রাখবে— এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
রোববার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেল শপথ নেন।
চিফ হুইপ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদ ও সংসদের বাইরেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়াই সরকারের লক্ষ্য।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। কোনো সমস্যা হলে প্রশাসনের সহায়তা নিতে বলা হলেও আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি সংকট নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভর্তুকির জন্য অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
চিফ হুইপ অভিযোগ করেন, বিগত সরকার দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যবহারের পক্ষে।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া ভুয়া তথ্য উপস্থাপন দুঃখজনক। শেরপুরে একজন কর্মী নিহতের বিষয়ে বিরোধী দলের এক সদস্যের দেওয়া তথ্য পরে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সংসদীয় কার্যক্রমের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, মাত্র পাঁচ দিনে ১১৭টি বিল পাস করে নজির স্থাপন করা হয়েছে। এছাড়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ১১৭টি পাস এবং ১৬টি সংশোধনের জন্য রাখা হয়েছে।
এত কাজের পরও বিরোধী দলের ওয়াকআউটকে হতাশাজনক বলে উল্লেখ করে তিনি বলেন, ছোটখাটো বিষয়েও ওয়াকআউট করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এটি গণতান্ত্রিক অধিকার।
‘জুলাই জাদুঘর’ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত ইতিহাসকে সেখানে তুলে ধরা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেসব ঘটনা সম্পর্কে জানতে পারে।
