ঢাকা: বিশেষ পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তী সরকারের অধিকাংশ কার্যক্রমকে বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে জারি করা অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও সীমিত কার্যদিবসের কারণে অল্প সময়েই ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ শেষ করতে হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৯ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত স্বল্প সময়ে সংসদ সদস্যদের পাশাপাশি আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইং, জাতীয় সংসদ সচিবালয়, বিজি প্রেস ও সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত পরিশ্রম করে এই কাজ সম্পন্ন করেছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও অধিবেশন চালানো হয়েছে।

তিনি বলেন, সময় সংকটের কারণে কিছু বিল সংসদে উপস্থাপনের আগে প্রয়োজনীয় কপি ও তুলনামূলক বিবরণী প্রস্তুতের যথেষ্ট সময় পাওয়া যায়নি। পরে স্পিকারকে বিষয়টি জানানো হলে তিনি বিধি অনুযায়ী সময় মার্জনার ক্ষমতা প্রয়োগ করেন।

অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ সংসদীয় কমিটি ১৩৩টি অধ্যাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করে। এর মধ্যে ৯৮টি অপরিবর্তিত অবস্থায় পাসের সুপারিশ করা হয়েছে এবং ১৬টি যাচাই-বাছাই শেষে বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কিছু অধ্যাদেশ সংশোধন, বাতিল বা সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী যে গণভোটের কথা বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির গণভোট তা নয়। তবে গণভোট অধ্যাদেশ অনুযায়ী এটি অনুষ্ঠিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে বৈধতা দেওয়া হলে এর বৈধতাও নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে গণভোট আয়োজন করতে হলে নতুন আইন প্রণয়ন করতে হবে। বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, গণভোটের বৈধতা নিয়ে অযথা বিতর্কের সুযোগ নেই।

সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি জানান, অনেক ক্ষেত্রে তথ্য বিভ্রাটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে একাধিক সংশোধনীসহ অধ্যাদেশগুলো একত্রে বিল আকারে উপস্থাপন করায় সংখ্যাগত বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ কমিটির প্রতিবেদনে বিরোধী সদস্যদের ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যা সংসদীয় রীতিতে বিরল।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সংক্রান্ত বিল নিয়েও বিতর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে ভবিষ্যতে সংশোধনের মাধ্যমে এটিকে আরও গ্রহণযোগ্য করা হবে।

এছাড়া গুম, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও পর্যালোচনার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। এগুলো পরিমার্জন করে পরে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাড়াহুড়োয় কিছু ত্রুটি থাকতেই পারে। তবে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে আরও উন্নত আইন প্রণয়নই সরকারের লক্ষ্য।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *