সুনামগঞ্জের ছাতক উপজেলার দিঘলী বেরাজপুরে সংঘটিত সোনাফর আলী হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। ১৬ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম নগরীর তেমুখী পয়েন্ট ও টুকেরবাজার শাহী ঈদগাহ এলাকায় পৃথক দুটি অভিযানে এই গ্রেফতার অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন ছইফ উদ্দিনের পুত্র জাকির হোসেন (২৫) ও ময়না মিয়ার পুত্র তাজ উদ্দিন (৩৫), যাঁরা ছাতক থানার হত্যা মামলা (এফআইআর নং ২২/১৪৪, তারিখ ১৪/০৫/২০২৫) এর এজাহারভুক্ত আসামি। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ১২ মে সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে আসামিরা কাঠের বর্গা ও লাঠি দিয়ে সোনাফর আলীকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ জানায়, গ্রেফতার হওয়া আসামিদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।
