জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপানের শৃঙ্খলা, কর্মসংস্কৃতি ও প্রযুক্তিগত উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (৩ মে) জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ‘ইসলামিক মিশন জাপান’ আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, জাপান এমন একটি দেশ যেখানে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সময়নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিগত উন্নয়ন এবং কর্মসংস্কৃতির ক্ষেত্রে দেশটি বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন, “জাপান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দক্ষতা ও আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে তা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।”
জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রবাসী বাংলাদেশিদের সততা, দক্ষতা ও দায়িত্বশীল আচরণ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রতিক ছাত্র-গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিবর্তনের এ ধারা টেকসই করতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
