হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর গ্রামের সাজিদ আলীর পুত্র। সকালে তিনি শ্রমিকসহ সবজি কিনতে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে যায়।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।”
দুর্ঘটনার খবরে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আজমত আলী দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
