মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিপক্ষের লোকজন এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। বুধবার বিকেল চারটার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের খুটাউরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি খুটাউরা গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বেলাল আহমদের ভাই।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ তাঁদের বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এলাকার সাদিকুর রহমান ও সফর উদ্দিন দ্রুতবেগে সে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন আহমদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ ঘটনার প্রতিবাদ করলে নয়নকে তাঁরা মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি হয়।

এ সময় নয়নের চাচা হেলাল উদ্দিন খেত থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটক চারজন হচ্ছেন খুটাউরা গ্রামের হিফজুর রহমান, নাজিম উদ্দিন, সফর উদ্দিন ও সাদিকুর রহমান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার রাতে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে তাঁরা বিষয়টি তদন্ত করছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *