বড়লেখা উপজেলার ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি ও ষাট মুদ্রাক্ষরিক রাসেন্দ্র কুমার দাস, পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ, দুই ভূমি মালিক আব্দুল জব্বার ও আব্দুল কুদ্দুছসহ চারজনকে খতিয়ান জালিয়াতির অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, ২০১৯ সালে ভূমি মালিক আব্দুল জব্বার একটি খতিয়ানের দুই দাগের জমি নামজারি করেন। তবে সাবেক প্রধান সহকারি রাসেন্দ্র কুমার দাস ও পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ বড় অঙ্কের ঘুষ নিয়ে ওই খতিয়ানের জমির সঙ্গে সরকারি খতিয়ানের একটি ১২ শতাংশ জমির দাগ জাল করে রেকর্ডে রাখেন। এছাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া ঘুষ নিয়ে জালিয়াতির মাধ্যমে উন্নয়ন কর পরিশোধ করেন।
বিষয়টি সার্ভেয়ার শামসুল হুদার নজরে আসলে তিনি সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করেন। এরপর এসিল্যান্ড তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমি মালিক ও অফিসের দুই জন কর্মীর জালিয়াতির প্রমাণ পাওয়ার পর তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, চার আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
