বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় গিয়ে বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভুলে গেছে এবং আওয়ামী লীগের শাসনধারার অনুসরণ করছে। তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করা হলে জামায়াত সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের মতামতকে সম্মান না করে বিএনপি দ্বৈত আচরণ করছে। তার ভাষায়, ৫১ শতাংশ মানুষের রায় মেনে নেওয়া হলেও ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হচ্ছে, যা রাজনৈতিকভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি তাদের ৩১ দফা রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে এসেছে। একই সঙ্গে দলটি এমন আচরণ করছে, যা অতীতে আওয়ামী লীগের একদলীয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মিলে যায়।
জামায়াত আমির বলেন, বিএনপি এখন সেই রাজনৈতিক পথেই হাঁটছে, যে পথে হেঁটে আওয়ামী লীগ শেষ পর্যন্ত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগের আচরণ অনুকরণ করে বিএনপি কখনো শক্তিশালী হতে পারবে না; বরং ‘দুর্বল আওয়ামী লীগে’ পরিণত হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একসময় বিরোধী দল ও সাধারণ মানুষকে উপহাস করত, ব্যঙ্গ-বিদ্রুপ করত। আজ তাদের রাজনৈতিক পরিণতি সবার সামনে। বিএনপি একই ভুল করলে একই পরিণতি এড়াতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জামায়াত সংসদের ভেতরে-বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, সংসদে প্রথম দিন থেকেই জামায়াত তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার দাবি তুলেছে।
তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ আইন সংস্কার ও প্রয়োজনীয় অধ্যাদেশ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তার মতে, এসব পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান সম্ভব নয়।
দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, তারা এমন বাংলাদেশ চান যেখানে নাগরিকরা নিরাপদে চলাফেরা করতে পারবেন, নারী-শিশু ও তরুণরা ভয়হীনভাবে ঘর থেকে বের হতে পারবেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার সংস্কৃতি আর দেখতে চায় না জামায়াত। শিক্ষার্থীদের হাতে অস্ত্র নয়, বই-খাতা ও কলম দেখতে চায় দলটি। কোনো রাজনৈতিক গোষ্ঠী বা প্রভাবশালী মহল শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের পথরোধ করবে—এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
