জুলাইসহ দেশের ইতিহাসে সংঘটিত সকল গণহত্যার বিচার এবং কারাবন্দি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানি জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেন্ট্রাল রোড ও সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন এবং পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সভাপতি তারেক আজিজ।
তারেক আজিজ বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। ছাত্রসমাজ কখনোই তা মেনে নেবে না। যারা এই ধরনের শাসনব্যবস্থা চাপিয়ে দিতে চায়, তাদের হুশিয়ার করছি—আমরা প্রয়োজনে আবারও একটি ‘জুলাই বিপ্লব’ ঘটাবো, ইনশাল্লাহ।”
জেলা সভাপতি নিজাম উদ্দিন বলেন, “২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রায় ২০০ মানুষ নিহত হয়। একই বছরের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের হাজারো কর্মী নিহত হন। জুলাই মাসের ‘বিপ্লবে’ দুই হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার অভিযোগ রয়েছে।”
তিনি বলেন, “আমরা এই সমাবেশ থেকে জোরালোভাবে দাবি জানাই—বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ও গণহত্যা সংঘটিত হয়েছে, সবকিছুর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে।”
