হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা আবারও প্রকাশ্যে গণনা করা হবে। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার (১২ জুলাই) এ গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খোলা ও টাকা গণনার কাজ সম্পন্ন হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় প্রস্তুতিমূলক একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর মাধ্যমে প্রথমবারের প্রকাশ্য গণনার মাত্র ১৯ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো মাজারের দানবাক্সের অর্থ প্রকাশ্যে গণনা করা হবে।

এর আগে গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করে আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

পরে ২২ জুন প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতির পরিবর্তন ঘটিয়ে ঐতিহাসিক ডেক ও দানবাক্স প্রকাশ্যে খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা জেলা প্রশাসনের নামে খোলা সোনালী ব্যাংকের একটি নির্ধারিত হিসাবে জমা রাখা হয়।

এ উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। একদিকে অনেকেই স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে উদ্যোগটির প্রশংসা করেন, অন্যদিকে প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স স্থাপনের বিষয়টি নিয়ে আপত্তিও তোলেন অনেকে। এ বিতর্কের মধ্যেই সরকার জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয়। তবে সরকারের পক্ষ থেকে এ বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে গত ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন গঠিত এই কমিটির তত্ত্বাবধানে শনিবারের গণনা কার্যক্রম পরিচালিত হবে। গণনা শেষে প্রাপ্ত অর্থও আগের মতো সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা রাখা হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *