প্রতিবেদন (সুপ্রভাত সিলেট):

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। শান্ত তারা আদনান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর শৃঙ্খলা কমিটি আজীবন বহিষ্কারের সুপারিশ করেছিল এবং সিন্ডিকেট তা অনুমোদন করেছে। আমরা চাই না ক্যাম্পাসে এমন ন্যাক্কারজনক ঘটনা পুনরায় ঘটে, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।”

অন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ২ মে রিকাবীবাজারে এক নারী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। ১৯ জুন ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ করলে পুলিশ গ্রেফতার করে শান্ত ও স্বাগতকে। এরপর ২০ জুন কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়।

২৩ জুন আদালত দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন ধারাবাহিক প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজীবন বহিষ্কারের সিদ্ধান্তে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

— সুপ্রভাত সিলেট সংবাদ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *