ঢাকা, ৩১ জুলাই: জাতীয় ঐকমত্য কমিশন সংসদের উচ্চকক্ষ গঠনের কাঠামো চূড়ান্ত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চকক্ষ হবে ১০০ আসনের এবং এতে সদস্য মনোনয়ন হবে দলগুলোর প্রাপ্ত জাতীয় ভোটের অনুপাতে, অর্থাৎ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আলোচনার চূড়ান্ত সনদ দ্রুত প্রস্তুত করে রাজনৈতিক দলগুলোর কাছে তুলে দেওয়া হবে।

কমিশনের প্রস্তাবে বলা হয়, উচ্চকক্ষের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা সীমিত থাকবে। অর্থবিল ব্যতীত সব বিল উচ্চকক্ষে উপস্থাপন করতে হবে। তবে উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। এক মাসের মধ্যে মতামত না দিলে বিলটি অনুমোদিত ধরে নেওয়া হবে।

উচ্চকক্ষ মূলত বিল পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিম্নকক্ষে সুপারিশ পাঠাবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে নিম্নকক্ষের হাতে।

তবে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে প্রস্তাবিত পদ্ধতির বিরোধিতা করেছে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও এলডিপি। তারা চায়, PR পদ্ধতির পরিবর্তে নিম্নকক্ষে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে সদস্য মনোনয়ন হোক। এছাড়া সিপিবি, বাসদ ও জমিয়তে উলামায়ে ইসলাম উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারী দলগুলোর মতামত মূল্যায়ন করে খুব শিগগিরই চূড়ান্ত কাঠামো প্রকাশ করা হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *