অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউসুফ আলীসহ একই পরিবারের চার সদস্য। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর-বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলীর (৫৫) বাড়ি তাহিরপুর উপজেলার তিয়রজালাল গ্রামে। নিহত অন্যরা হলেন তার বড় মেয়ে নিলুফা আক্তার (৩৫), ছোট মেয়ে কেয়া আক্তার (১৫), জামাতা মো. শাহাব উদ্দিন (৪০) এবং অটোরিকশাচালক মানিক মিয়া। মানিক মিয়ার বাড়ি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের পূর্ব নোয়ারাই গ্রামে।

নিহতদের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ আলী কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তাকে সিলেটে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য অটোরিকশাযোগে রওনা হন তার দুই মেয়ে, জামাতা এবং চালক। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাটি জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও সড়কের পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হন।

ঘটনাস্থলেই অটোরিকশাচালক মানিক মিয়া ও ইউসুফ আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা ও কেয়া এবং জামাতা শাহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

ইউসুফ আলীর ছেলে শুভ আহম্মেদ বলেন, ‘আমার বাবা, দুই বোন ও বোন জামাই সিলেটে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় সবাইকে হারালাম। এই শোক আমরা কীভাবে সইবো!’

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ডালিম বলেন, বিকট শব্দ শুনে বের হয়ে দেখি একটি বাস খাদে পড়ে আছে এবং পাশে দুমড়ে-মুচড়ে থাকা একটি সিএনজি। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন বলেন, বাসটি হঠাৎ সড়কের বাম দিক ছেড়ে ডান দিকে চলে গিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এরপর সিএনজিটি ছিটকে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ছাতকের জালালপুর এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *