সিলেট নগরীতে অনুষ্ঠিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে সংবিধানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং “বিসমিল্লাহির রহমানির রাহিম” সংযুক্ত করে সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করেন।

১৯ মে বিকেলে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক। বিএনপি দুর্বল হলে বাংলাদেশও দুর্বল হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, গত বছরের ৫ আগস্ট জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ইতিহাসের জঘন্যতম গণহত্যায় জড়িত এবং তারা আজও সেই অপরাধের জন্য ক্ষমা চায়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এবং সঞ্চালনায় ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

দলের কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত বলেন, নতুন সদস্য হতে হলে অন্তত ১৮ বছর বয়স এবং বিএনপির আদর্শে বিশ্বাস থাকতে হবে। পাশাপাশি তিনি ফ্যাসিস্ট সরকারের লোকজন যাতে ছদ্মবেশে দলে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নেতা-কর্মীরা অংশ নেন। সভাপতির বক্তব্যে জি কে গউছ বলেন, “হাসিনামুক্ত বাংলাদেশ” গড়তে নতুন প্রজন্মকে জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ করে সংগঠনে সম্পৃক্ত করতে হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *