জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে কিছু সংযোজন ও বিয়োজন করা হবে।

সরকার গঠনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের জানান, বৈঠকে মূলত সরকারের ৪৭ দিনের কাজের মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দেশের বিদ্যমান সংকট, বিশেষ করে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় করণীয় নিয়েও আলোচনা হয়েছে।

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, জুলাই সনদে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি বাস্তবায়ন করবে। তবে যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা নেই।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ও গুম কমিশন প্রসঙ্গে তিনি বলেন, গুম কমিশন বাতিল করা হবে—এমন ধারণা সঠিক নয়। আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এতে কিছু সংশোধনী আনা হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে পাস হবে, তবে বাকি কয়েকটি অধ্যাদেশ আরও যাচাই-বাছাই করা হবে।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী বা এনসিপিকে নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, গণতন্ত্রে বিরোধিতা না থাকলে তার সৌন্দর্য ফুটে ওঠে না—তারা তাদের কাজ করছে।

এদিকে, আলোচ্যসূচির বাইরে গিয়ে বিএনপি মহাসচিব দলের কাউন্সিলের বিষয়টি উত্থাপন করেন। এ প্রসঙ্গে ড. মঈন খান বলেন, এজেন্ডার বাইরে যে কেউ আলোচনা উত্থাপন করতে পারেন। মহাসচিব কাউন্সিলের যৌক্তিকতা তুলে ধরেছেন, তবে বর্তমান পরিস্থিতিতে শিগগিরই দলের কাউন্সিল করা সম্ভব হবে বলে মনে হয় না।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *