নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত “২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনে গত ৩ আগস্ট প্রকাশ করা হয়। কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে উঠে আসে।
বড়লেখা সরকারি কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী—মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুসরাত জাহান রিয়া।
গৌরবজনক এ অর্জনে কলেজকে অভিনন্দন জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, “আমার শেষ কর্মস্থলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে—এটি বড়লেখাবাসীর জন্য গর্বের বিষয়। এমন সাফল্য আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে।”
একাডেমিক কাউন্সিলর সেক্রেটারি মো. আবদুস সবুর জানান, “এ অর্জন পুরো কলেজ পরিবারের সম্মিলিত প্রয়াসের ফসল। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মনোযোগ সত্যিই প্রশংসার দাবিদার।”
কলেজ অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ বলেন, “জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় প্রথম হওয়া নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের দায়বদ্ধতা ও প্রতিভার উজ্জ্বল প্রমাণ। এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের দ্বার উন্মোচন করবে।”
