কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কর ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করতে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
নগরীর মেন্দিবাগে অবস্থিত কমিশনারেট কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি বুধবার শেষ হয়। এতে কমিশনারেটের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর এবং সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণে মূল্য সংযোজন কর আইন, ২০১২, মূল্য সংযোজন কর বিধিমালা এবং সদ্য ঘোষিত জাতীয় বাজেটে আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর ও শতভাগ ডিজিটাল মূসক ব্যবস্থা বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মূসক রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সংশ্লিষ্টদের মতে, এটি কমিশনারেটের কার্যকর প্রশাসনিক দক্ষতা ও দক্ষ রাজস্ব ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী জ্ঞান অর্জনে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সম্মানিত ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং অন্যান্য করদাতাদের অংশগ্রহণে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।”
