সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেনসহ চার ভাইয়ের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ভুমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এ উপলক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ পয়েন্ট সংলগ্ন স্থানে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম।

ভূমির মালিক আনোয়ার হোসেন জানান, প্রায় ৫ বছর আগে আকরামুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তি অবৈধ প্রভাব খাটিয়ে তাদের ভুমি দখল করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও কোনো ফল পাননি। তবে সম্প্রতি এসএমপি কমিশনারের কাছে সকল বৈধ দলিল দস্তাবেজ উপস্থাপন করলে তদন্তের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত হয় এবং অবৈধ দখলদারদের কাছ থেকে জমিটি উদ্ধার করা হয়।

ভূমি পুনরুদ্ধার করায় আনোয়ার হোসেন এসএমপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় এসএমপি কমিশনার মো. রেজাউল করিম বলেন, “প্রবাসীসহ সকল নাগরিকের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। দখলদার ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সজীব খান, ভূমি মালিক আনোয়ার হোসেন, এনায়েত হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, সাবেক ভূমি কর্মকর্তা মোজাহারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *