অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে বর্তমানে কিছুটা অবসর সময় কাটাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন।
সরজমিন পরিদর্শনে দেখা গেছে, রাজধানীর গুলশান-২ কূটনৈতিক এলাকায় অবস্থিত রূপায়ণ সিগনেচার টাওয়ারের ১১ তলার একটি ফ্ল্যাটে উঠবেন সদ্য সাবেক এই প্রধান উপদেষ্টা। ভবনটি অস্ট্রেলিয়ান হাইকমিশনের সামনে অবস্থিত। নিরাপত্তাকর্মীদের ভাষ্যমতে, ফ্ল্যাটটি ড. ইউনূসের নিজস্ব মালিকানাধীন এবং দীর্ঘদিন তিনি সেখানে বসবাস করেননি।
বর্তমানে বাসাটিতে সংস্কার ও রঙ করার কাজ চলছে। নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বা রাজনৈতিক তৎপরতা। ভবনের আশপাশে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। কূটনৈতিক এলাকা হওয়ায় সাধারণ মানুষের চলাচলও তুলনামূলক কম।
সূত্র জানায়, দায়িত্ব শেষ করে পরিবারকে সময় দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতেই এখন যমুনায় অবস্থান করছেন ড. ইউনূস। আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়তে পারেন এবং এরপর গুলশান-২ এর নিজ বাসায় উঠবেন।
