মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দিনদুপুরে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে সিলেট শহরের শাহপরাণ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ভিকটিমের মোবাইল ফোন, নগদ অর্থ, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ একাধিক গুরুত্বপূর্ণ আলামত।

জানা গেছে, গত ৩০ জুলাই দুপুরে বড়লেখার শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে আব্দুল আহাদ ও তার মেয়ে সুহাদা আক্তার দুর্বৃত্তদের কবলে পড়েন। দুইটি মোটরসাইকেলে আগত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে, গলায় ধারালো দা ধরে ভয়ভীতি দেখিয়ে মেয়ের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল ২,১৬,০০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্র।

ঘটনার পর পরই বড়লেখা থানায় একটি মামলা (মামলা নম্বর ১৭, তারিখ ৩০/০৭/২০২৫) দায়ের করা হয়। জেলা পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপস ও ক্রাইম) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অ্যাজমল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু হয়।

তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১ আগস্ট সিলেটের কাজিরবাজার এলাকা থেকে দুইজন ছিনতাইকারী—সেলিম আহমদ রফে অনিক (৩৭) ও সাকিব আহমদ (২৫)—কে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:

  • নগদ ৯৯,৫০০ টাকা
  • ছিনতাইকৃত স্যামসাং স্মার্টফোন
  • ধারালো দা
  • TVS Apache RTR 150cc মোটরসাইকেল
  • কালো রঙের হেলমেট
  • দস্যুতাকালীন পরিহিত টি-শার্ট ও গেঞ্জি

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং মামলার বাদী তাদের শনাক্ত করেছেন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের দ্রুত অভিযান ও অভিযুক্তদের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *