সংবাদ প্রতিবেদন:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, বরং এখন তা আরও জোরেশোরে শুরু হয়েছে। তাই তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সিলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তাদির এসব কথা বলেন।
তিনি বলেন, “বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ কারণে আমাদের দেশের মানুষকে যেমন একাত্তরে স্বাধীনতা অর্জন করেছে, নব্বইয়ে ও চব্বিশে স্বাধিকার রক্ষায় সোচ্চার হয়েছে, আবারও সজাগ ও সচেতন হতে হবে।”
তিনি আরো বলেন, “কারা কীভাবে ষড়যন্ত্র করছে, কারা কীভাবে বিভিন্ন সময়ে কথা পরিবর্তন করছে, এসব বিষয়ে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। গণতান্ত্রিক অধিকার ও মানুষের অধিকারের জন্য যুদ্ধ এখনও শেষ হয়নি।”
মৌন মিছিলটি সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত অনুষ্ঠিত হয়। মিছিলে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
