একটি দূরবর্তী গ্রাম যেখানে মানসিক অসুস্থতাকে এখনো ভুত-প্রেত বা অশরীরী ছায়া হিসেবে ধরা হয়, সেখানে চিকিৎসার বদলে ফুঁ দেওয়া, তেল পড়ানো, তাবিজ ব্যবহার বা বেত দিয়ে মারধর করার প্রচলন রয়ে গেছে।
শনিবার (১৭ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় এমনই এক সাধারণ মানুষের গ্রামে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এনজিও ‘প্রচেষ্টা’ এবং এসোসিয়েট প্রফেসর ডা. সাঈদ এনাম যৌথভাবে আয়োজিত এই ক্যাম্পে বহু মানুষ অংশ নেন—কেউ নিজের জন্য, কেউ প্রিয়জনের জন্য। অনেকেই আগে বুঝতে পারেননি, তাদের বা তাদের পরিচিতদের সমস্যা আসলে মানসিক রোগ। কেউ শহরে গিয়ে চিকিৎসার সুযোগ না পেয়ে ভুগছিলেন।
এই ক্যাম্পে শত শত মানুষের উপস্থিতি ছিল, যেখানে অনেকেই নতুন আশা পেয়েছেন, কারো চোখে বিস্ময়, কারো মুখে স্বস্তির হাসি। একজন বললেন, “এবার বুঝলাম আমার ছেলেটার রোগ আসলে চিকিৎসাযোগ্য।”
এসোসিয়েট প্রফেসর ডা. সাঈদ এনাম বলেন, “এটি শুধু চিকিৎসার আয়োজন নয়, এটি সচেতনতা ও সহানুভূতির উদ্যোগ, যার মাধ্যমে আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি। আমাদের এই কাজ মানুষের জীবনে আলো ছড়িয়ে দেয়, এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”
