মৌলভীবাজারের শমশেরনগর-চাতলাপুর সড়কটি শমশেরনগর চা-বাগানের ভেতর দিয়ে চলে গেছে। দুই পাশে ছায়াবৃক্ষ আর সারি সারি চা-গাছের সবুজ আবরণ। এর মাঝেই রয়েছে একটি ঐতিহাসিক স্থান, যা অনেকের কাছে এখনো অজানা—শমশেরনগর চা-বাগানের গলফ মাঠ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দর্শনীয় স্থান।

চা-বাগানের ভেতরে প্রবেশ করে সামান্য এগোলেই চোখে পড়ে এক প্রশস্ত সবুজের বিস্তার। উঁচু-নিচু টিলার ওপরে গাঢ় সবুজ ঘাসের ঢেউ খেলানো দৃশ্য যেন প্রকৃতির সবুজ হৃদয়। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলে শমশেরনগর চা-বাগান প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ সালে। সেই সময় ব্রিটিশদের জন্যই এই গলফ মাঠটি তৈরি করা হয়েছিল। ব্রিটিশরা চলে গেলেও মাঠটি সংরক্ষিত আছে, এখনো মাঝে মাঝে চা-বাগান কর্তৃপক্ষের আয়োজনে এখানে গলফ খেলা হয়।

প্রতিদিনই অনেক ভ্রমণপিপাসু এখানে ঘুরতে আসেন। কেউ ছবি তোলেন, কেউবা ছায়ায় বসে আড্ডা দেন। শীত, হেমন্ত ও বসন্তের বিকেলে সূর্যাস্তের দৃশ্য এখানকার অন্যতম আকর্ষণ। চা-বাগানের টিলার ওপরে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা সত্যিই মনোমুগ্ধকর।

প্রকৃতির এক টুকরো শান্তি খুঁজতে কিংবা সবুজের সান্নিধ্যে সময় কাটাতে শমশেরনগরের এই গলফ মাঠ হতে পারে দর্শনার্থীদের জন্য এক অনন্য গন্তব্য। পরিবার-পরিজন নিয়ে এখানে এসে সবুজের সমারোহে সময় কাটানো হতে পারে একটি স্মরণীয় অভিজ্ঞতা।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *