শাপলা চত্বরে নিহতদের ‘সবচেয়ে কম দামি’ শহীদ হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিগত এক দশকে আওয়ামী লীগ সরকার শাপলা চত্বরের নিহতদের ন্যূনতম স্মরণ করার সুযোগও দেয়নি। নিহতের সংখ্যা প্রকাশ করায় মানবাধিকার সংগঠন অধিকার-এর ওপরও রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হয়েছিল।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে ‘শাপলা গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শাপলার শহীদদের স্মরণ, আলোচনা বা সত্য প্রকাশের সুযোগ ছিল না। এমন পরিবারও আছে, যারা আপনজন হারিয়েও তা প্রকাশ করতে পারেনি। কারণ, তথ্য প্রকাশ করলে পরিবারের অন্য সদস্যদের ওপর নেমে আসত রাষ্ট্রীয় নিপীড়ন।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান হঠাৎ করে তৈরি হয়নি; এটি ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, পিলখানা হত্যাকাণ্ড এবং নানা মানবতাবিরোধী অপরাধের পুঞ্জীভূত প্রতিক্রিয়া।

আওয়ামী লীগের শাসনামলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, সংখ্যালঘু হিসেবে হিন্দু সম্প্রদায় এবং রাজনৈতিক পরিচয় মুছে দিয়ে মুসলমানদের ওপরও দমন-পীড়ন চালানো হয়েছে। সমাজের এমন কোনো অংশ নেই, যারা এই ফ্যাসিবাদের শিকার হয়নি।

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে কোটা সংস্কারের মতো প্রত্যক্ষ স্বার্থসংশ্লিষ্ট দাবি ছিল। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো ব্যক্তিগত বা বৈষয়িক স্বার্থ ছাড়াই দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে রাজপথে নেমেছিল। তাদের এই ত্যাগকে বিশেষভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

শাপলা চত্বরের ঘটনার নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে আখতার হোসেন বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, আহত ও মুমূর্ষু মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের ‘অমানুষ’ হিসেবে উপস্থাপনের রাজনৈতিক মানসিকতা থেকেই এ ধরনের সহিংসতার পরিবেশ তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, এনসিপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে এবং কেউ মতপ্রকাশের কারণে নিপীড়নের শিকার হবে না।

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার দাবি করে আখতার হোসেন বলেন, এ ঘটনার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাযজ্ঞে সমর্থনকারীদেরও জবাবদিহির মুখোমুখি করতে হবে। একইসঙ্গে শাপলার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *