মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সংস্কারের পথ থেকে সরে গেলে কোনো সরকারের সাফল্যই টেকসই হবে না। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে সংস্কারের পরিবর্তে ভিন্ন পথে হাঁটছে এবং সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারেরও পতন ঘটতে পারে।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, একটি রেলগাড়ি ভুল লাইনে চললে যেমন গন্তব্যে পৌঁছাতে পারে না, তেমনি সরকারও যদি সংস্কারের পথ ছেড়ে অন্য পথে যায়, তবে তার সব কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তবে সরকার পুনরায় সংস্কারের পথে ফিরলে এনসিপি তা স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই। জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারবে না।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুঝতে হবে।”
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট সংস্কারের প্রশ্নে কোনো ছাড় দেবে না এবং দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগে শিগগিরই একটি মহাসমাবেশ আয়োজন করা হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা উচিত এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রতিশোধ নয়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষেও তিনি মত দেন।
বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান এবং সীমান্ত হত্যা ও জাতীয় স্বার্থের প্রশ্নে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।
বক্তব্যের শেষদিকে তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন প্রীতম দাশ, ফয়ছল আহমদ, এমাদুল ইসলাম, মোহাইমিন সালেহ, এমএম আতিকুর রহমান, খিজির আহমদ, রবিউল ইসলাম সুহেল এবং তামিম আহমদ।
