আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের লক্ষ্যে দেশের সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব ভোটকেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা রয়েছে, সেগুলো সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব কেন্দ্রে ক্যামেরা নেই, সেখানে কেবল ভোটের দিনের জন্য অস্থায়ীভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
ইসি সূত্র জানায়, বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুরুতে ব্যয় বৃদ্ধির আশঙ্কায় কমিশন এ বিষয়ে আগ্রহী ছিল না। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।
মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রেই আগে থেকে সিসি ক্যামেরা রয়েছে। সেগুলো সচল রাখলে অতিরিক্ত ব্যয় খুব বেশি হবে না। আর যেসব কেন্দ্রে ক্যামেরা নেই, সেখানে শুধু ভোটের দিন অস্থায়ী ব্যবস্থা নিলে ব্যয় সীমিত থাকবে। এসব বিবেচনায় নিয়েই ইসি এ সিদ্ধান্ত নেয়।
ইসি কর্মকর্তারা জানান, সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা বাড়বে এবং ভোটাররা আরও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন। পাশাপাশি কোনো অনিয়ম বা অপরাধ ঘটলে ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
ইসি সূত্র আরও জানায়, যেসব প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে, সেখানে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে বলা হয়েছে। যেসব কেন্দ্রে সিসিটিভি, বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ নেই, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য প্রয়োজনীয় সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, এবারের নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে থাকা সিসিটিভি সচল রাখা, অবকাঠামো সংস্কার, ভোটারের চলাচল উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে ভোটের দিনের জন্য ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হচ্ছে। সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করবে।
