সংবাদ প্রতিবেদন:
সিলেট, ২৬ জুলাই — সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া এক দিনমজুর মো. আব্দুল মালিক (৪২) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ভারতের করিমগঞ্জ থানা পুলিশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহটি আব্দুল মালিকের আত্মীয়-স্বজন শনাক্ত করেন।
মরদেহ শনাক্তের পর কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। মরদেহটি পরে নিহতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ জুলাই সকাল ৯টায় আব্দুল মালিক উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর থেকে তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর ১৫ জুলাই মধ্যরাতে জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বিপরীত পাশে কুশিয়ারা নদীর ভারতীয় অংশে মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, আব্দুল মালিক সীমান্ত পেরিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে নদীতে ডুবে মারা যেতে পারেন। তিনি প্রায়ই অবৈধভাবে ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে।
