স্টাফ রিপোর্টার ::

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সিলেট ও সদর কোম্পানির পৃথক আভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো চালানো হয় সিলেট জেলার বিভিন্ন স্থানে।

র‌্যাব জানায়, বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের মৃত মো. লতিফ আলীর পুত্র মো. মিনু মিয়া (৬০)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ স্থানীয় যুবক আব্দুল আহাদ (২৫)-কে আটক করা হয়।

এছাড়া, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪), আরিফ মিয়া (৩৫)। তিনজনই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট অঞ্চলে র‌্যাবের ধারাবাহিক অভিযানে মাদকের বিরুদ্ধে জনমনে স্বস্তি ফিরছে বলে মনে করছেন সচেতন মহল।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *