বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করে তা ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
৫ মে শাপলা চত্বরের ঘটনা স্মরণ করে সারজিস আলম বলেন, ‘আজ ঐতিহাসিক ৫ মে শাপলা গণহত্যা দিবস। ২০১৩ সালের এই দিনে যারা বাংলাদেশের মুক্তির জন্য সমবেত হয়ে রক্ত দিয়েছেন, সেই সহযোদ্ধাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
তিনি বলেন, শাপলা চত্বরের রক্তাক্ত ঘটনা থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা তৈরি হয়েছে। একইসঙ্গে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের আন্দোলন এবং ২০২৪ সালের অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি সংশ্লিষ্ট সব হত্যাকাণ্ডের দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চলতি বছর স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। এতে এনসিপির আশঙ্কা, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে চায়।
তিনি অভিযোগ করেন, বর্তমানে জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে অযোগ্য নেতাকর্মীদের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে লুটপাট ও চাঁদাবাজির কেন্দ্রে পরিণত করা হচ্ছে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উপজেলা পরিষদ বিলুপ্ত করে ক্ষমতা কুক্ষিগত করার যে অপচেষ্টা চলছে, তা জনগণের জন্য হিতে বিপরীত হবে। ‘আমরা রাজপথে নামলে বলা হয় সরকারকে অস্থিতিশীল করছি। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না,’ বলেন তিনি।
সারজিস আলম দাবি জানান, এ বছরের ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করতে হবে।
এনসিপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে সময়সূচিতে কিছু পরিবর্তন এলেও আগামী ১০ মে’র মধ্যে উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপি-সমর্থিত প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। পাশাপাশি চলতি মাসের মধ্যেই সাতটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নামও প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ১১ দলীয় জোটে থাকলেও এনসিপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিটি এলাকায় নিজস্ব প্রার্থী দেবে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, নেতা আব্দুল হান্নান মাসউদ এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
