ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
একই লেখা পোস্ট করে হাসনাত আবদুল্লাহ ও সারজিস বলেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।
দুপুরে রাজধানীর বাংলামোটরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ১ লাখ মানুষের কাছে যাবে। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে মানুষের প্রত্যাশা জানতে চাওয়া হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে। আমরা পরোপুরিভাবে এখনো বিজয় লাভ করতে পারিনি। রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। ২০২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে আমার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।
