সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাদকবিরোধী অভিযানে এয়ারপোর্ট থানা এলাকার ধোপাগুল সাহেবের বাজার রোডে চেকপোস্ট স্থাপন করে ৬০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল ২০২৫) গভীর রাতে এ অভিযান চালানো হয়।
এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী এবং তার সঙ্গীয় অফিসারদের সহায়তায় সিএনজি অটোরিকশাযোগে মাদক পরিবহনকারী দুই যুবককে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট জেলার এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আবুল হোসেন (২৭), পিতা মো. আব্দুন নূর, এবং ধূপাণ্ডল এলাকার মো. সোহেল (৩৫), পিতা মৃত জমশেদ আলী।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা (নম্বর-১৭, তারিখ-২০/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
