চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই বলে সংসদকে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার জাতীয় সংসদের বৈঠকে বিএনপির সদস্য শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে নৌপরিবহন মন্ত্রী জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) বা সরকারি অনুমোদনের মাধ্যমে শুধুমাত্র বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি—উভয় ধরনের অপারেটর বিবেচনায় রাখা হয়।

মন্ত্রী বলেন, বন্দরের আধুনিকায়ন ও আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা বাড়াতে বিভিন্ন টার্মিনাল দেশি-বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বর্তমানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল একটি বিদেশি অপারেটরের তত্ত্বাবধানে চলছে। এছাড়া লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভির সঙ্গে চুক্তি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করে বন্দর কর্তৃপক্ষ।

এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী জানান, দেশের নদ-নদীতে বর্তমানে ২১ হাজার ৯৮২ জন অবৈধ দখলদার চিহ্নিত হয়েছে। তাদের উচ্ছেদে জেলা প্রশাসকদের কাছে কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে। উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া গেলে অভিযান শুরু হবে।

বিএনপির সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৭টি ফেরি চলাচল উপযোগী রয়েছে। এর মধ্যে ১২টি রো-রো, ১৬টি মিডিয়াম, ৮টি ইমপ্রুভড মিডিয়াম এবং ১১টি ইউটিলিটি ফেরি। বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ৬টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন রয়েছে, যা আগামী জুনের মধ্যে বহরে যুক্ত হবে। এছাড়া পুরোনো ফেরি প্রতিস্থাপনে আরও ১৫টি মিডিয়াম, ৫টি ইউটিলিটি এবং উপকূলীয় অঞ্চলের জন্য ২টি রোপ্যাক্স ফেরি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিএনপির সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে। বন্দরের জেটি থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পর্যন্ত সংযোগ স্থাপনে আন্ধারমানিক নদীর ওপর ৪ লেনের সেতু এবং ৬ লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজ প্রায় শেষ। আগামী বছরের শুরুতে বন্দরটি পুরোপুরি চালু হওয়ার আশা করা হচ্ছে।

অন্যদিকে, বিএনপির সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দারিদ্র্য, অপুষ্টি, ধূমপান, ডায়াবেটিস, অতিরিক্ত জনসংখ্যার ঘনত্ব ও সচেতনতার অভাবে দেশে যক্ষ্মা সংক্রমণ বাড়ছে। রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করতে গ্লোবাল ফান্ডের অনুদানের পাশাপাশি সরকারি অর্থায়নও বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে ৩ হাজার ১৪২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) সংসদে জানান, কওমি মাদ্রাসার সনদকে আলিয়া মাদ্রাসার দাখিল, আলিম, ফাজিল ও কামিলের সমমান হিসেবে পুনঃনির্ধারণ করা গেলে সরকারি চাকরি ও কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি হবে।

জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আরও বলেন, মডেল মসজিদের বিদ্যুৎ বিল আংশিকভাবে সরকার বহন করছে। প্রতিটি মসজিদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার দিচ্ছে, অতিরিক্ত ব্যয় মসজিদ কমিটি দান-অনুদানের মাধ্যমে বহন করছে।

তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।

এদিকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সংসদে জানান, জুলাই গণঅভ্যুত্থানের আর্কাইভ তৈরির জন্য এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে সরকারি ক্রয়বিধি অনুসরণ করে ১৯টি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫ কোটি ২৩ লাখ ৭২৩ টাকা।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *